ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি
- October 9,2026
- 82 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শতাব্দীপ্রাচীন ভোলাচং কুমারপাড়ার নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত অস্থায়ী সেতুর কারণে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও সাধারণ মানুষকে মাটির প্রতিমা ও মৃৎশিল্পের সামগ্রী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাচং কুমারপাড়া থেকে প্রতিমা ও মাটির তৈরি হাঁড়িপাতিল নিতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসেন। প্রায় চার বছর আগে মূল পাকা সেতুর নির্মাণকাজ শেষ হলেও যাতায়াতের জন্য নির্মিত অস্থায়ী স্টিলের সেতুটি এখনো অপসারণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, সেতুটি অপসারণ না করে সেখানে ইট-পাথরের ব্যবসা এবং ড্রেজারের পাইপ ও যন্ত্রপাতি স্থাপন করে নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
কুমারপাড়ার মৃৎশিল্পীরা জানান, নদীপথে নৌকা ভেড়াতে না পারায় প্রায় আধা কিলোমিটার উঁচু-নিচু পথ পাড়ি দিয়ে মাথায় করে প্রতিমা ও মাটির সামগ্রী নৌকায় তুলতে হচ্ছে। এতে পণ্য ভাঙার ঝুঁকি বাড়ছে, পাশাপাশি অতিরিক্ত শ্রমিক খরচও গুনতে হচ্ছে। তাঁদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে অনেকে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে বা লিখিত অভিযোগ করতে সাহস পান না।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “নদীপথ বন্ধ করে রাখার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে নদীপথ বন্ধ করে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা দ্রুত এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
ভোলাচং কুমারপাড়ার ঐতিহ্যবাহী মৃৎশিল্প রক্ষা এবং নদীপথে স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত করতে ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত অস্থায়ী সেতু অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মৃৎশিল্পী ও স্থানীয় বাসিন্দারা।
