সাধক মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন,আনন্দ আশ্রমে ভক্তদের পদচারণায় উৎসবে মুখরিত
- October 8,2026
- 110 views
মলয়া ডেস্ক:
আধ্যাত্মিক সাধক, কবি ও মানবতাবাদী মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া আনন্দ আশ্রমে তাঁর সমাধি মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে দয়াময় ভক্তদের উপস্থিতিতে সমাধি মন্দিরের উদ্বোধন করা হয়। এ সময় আশ্রম প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়।
প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় ‘মহর্ষি মনোমোহনের ভাবদর্শন’ শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা মহর্ষি মনোমোহনের আধ্যাত্মিক সাধনা, জীবনদর্শন, সাহিত্যকর্ম ও মানবকল্যাণের ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁর জীবন ও দর্শন মানুষের আত্মিক উন্নয়ন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় মলয়া সংগীত। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মহর্ষি মনোমোহনের ভাবধারা ও আধ্যাত্মিক চেতনা তুলে ধরা হয়।
আনন্দ আশ্রম কমিটির সভাপতি সাধ্বী শংকরী দত্ত উপস্থিত সকলকে সাথে নিয়ে সমাধি মন্দিরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহর্ষি মনোমোহনের প্রপৌত্র স্বরূপ দত্ত দয়ালমনি, তাঁর দুই সন্তান অচিন দত্ত ও অভয় দত্ত, আনন্দ আশ্রম কমিটির সাধারণ সম্পাদক বিনয় দেবনাথ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, আনন্দ আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব বর্মন, সংগীতশিল্পী চন্দন আচার্য, সংগীতশিল্পী ও শিক্ষক অজয় মুখার্জি। এ ছাড়া আশ্রম কমিটির সদস্য, ভক্ত-অনুরাগী, সাধক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
