অবহেলিত নবীনগর বাসির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে চায় ''ঐক্যবদ্ধ নবীনগর"
- August 17,2025
- 437 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত জনপদ নবীনগরকে এগিয়ে নিতে “ঐক্যবদ্ধ নবীনগর” নামে নতুন একটি কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদকে আহবায়ক এবং নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
আলোচনায় বক্তারা নবীনগরের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের প্রাপ্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে এটি হয় সার্বজনীন গ্রহণযোগ্য একটি প্ল্যাটফর্ম।
সভায় বক্তারা নবীনগরের গ্যাস সুবিধা বঞ্চনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। একইসাথে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের দেয়া ডিও লেটারের জন্য তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। বক্তারা বলেন, নবীনগরের সন্তান হিসেবে তাঁর এই উদ্যোগ গর্বের, তবে মেডিকেল কলেজের স্থান নির্ধারণে যেন নবীনগরবাসী সরাসরি উপকৃত হয়—সে দাবি জানানো হয়। এ প্রেক্ষিতে কলেজটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণঘাট সংলগ্ন রসুলপুরে স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়।
এ দাবিতে আগামী ২১ আগস্ট ‘ঐক্যবদ্ধ নবীনগর’ মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া, সভায় নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের নির্মাণ কাজ দ্রুত শুরু, তৃতীয় মেঘনা সেতুর কাজের উদ্বোধন এবং ভয়াবহ নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প গ্রহণের জন্য সরকারের দায়িত্বশীল মহল ও জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,এনজিও হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কল্লোল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুকুল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদীস শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দুলাল মিয়া,সাংবাদিক শাহানুর খান আলমগীর, সাপ্তাহিক মলয়ার নির্বাহী সম্পাদক আবু কাওছার, সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, ক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এ রুবেল,উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, নবীনগরের স্বার্থে যেকোনো দাবি আদায়ে সোচ্চার থাকা এবং উন্নয়ন বঞ্চনার অবসান ঘটানোই ‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর মূল লক্ষ্য।
