নবীনগরে বিএনপির ঘোষীত ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করলেন উপজেলা বিএনপি
- July 15,2025
- 211 views
মলয়া ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নবীনগর সদরের প্রবেশদ্বার মাঝিকাড়া ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন দোকান, গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস এবং সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে দাবিসমূহের গুরুত্ব তুলে ধরেন তিনি ও তার সহকর্মীরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শাহিন, আবুল বাশার, শুক্কুর খান, শামীম আল হাসান, মো. ওবায়দুল্লাহ, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. ইফতেখার খাঁন মামুন, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ছাত্রদলের সভাপতি প্রার্থী অনন্ত হিরা ও নেতা উদয়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অ্যাড. এম এ মান্নান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি সময়োপযোগী ও অত্যন্ত জরুরি। আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে নেমেছি। এই দাবি শুধু বিএনপির নয়, দেশের প্রতিটি সাধারণ মানুষের দাবি। জনগণের দৃষ্টি ভিন্নদিকে ঘোরাতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপিকে কলঙ্কিত করার যে কোন অপচেষ্টা প্রতিহত করা হবে। দলের শুদ্ধি অভিযানে কোনো অন্যায়কারী, দখলবাজ ও দুর্নীতিবাজের ঠাঁই নেই।”
