শিক্ষার মানোন্নয়নে 'আমিও পারবো' কর্মশালা নবীনগরে

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৬ জুলাই ২০২৫,
"আমরা মেধা বিকাশে কাজ করি" সংস্থার উদ্যোগে এবং নবীনগর উপজেলা প্রশাসনের  সহায়তায় আজ সকালে নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী কর্মশালা, যার মূল উদ্দেশ্য ছিল পরীক্ষা ভীতি দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ। "আমিও পারবো" শীর্ষক এই উদ্ভাবনী আইডিয়া কর্মশালায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালার প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌর প্রশাসক  রাজীব চৌধুরী। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা সঞ্চার করেন এবং মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "পরীক্ষা কেবল মেধা যাচাইয়ের একটি মাধ্যম। ভীতি নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে সাফল্য আসবেই।"
"আমরা মেধা বিকাশে কাজ করি" সংস্থার প্রতিনিধিবর্গ কর্মশালায় শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কাটানোর কৌশল, কার্যকর অধ্যয়ন পদ্ধতি এবং মানসিক চাপ মোকাবিলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। ইন্টারেক্টিভ সেশন এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো তুলে ধরার সুযোগ পায় এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে সমাধানের পথ খুঁজে নেয়।
এই কর্মশালা নবীনগরের শিক্ষাঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশেও উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে। এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা।
আমরা মেধা বিকাশে কাজ করি’ সংস্থার আহবায়ক এটিএম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, লায়ন চৌধুরী ধর মিঠু প্রমুখ।
‎প্রেসক্লাব সভাপতি এম এইচ শান্তি বলেন, “শিক্ষা শুধু জ্ঞানের বাহক নয়, সমাজের অগ্রযাত্রা গড়ে তোলার চালিকা শক্তি। সুন্দর এই উদ্যোগ গ্রহন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ।”

‎ইউএনও’র ফলপ্রসূ নেতৃত্বে ওই অনুষ্ঠান স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে পড়াশুনার পাশাপাশি নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও সৃজনশীলতাও উন্নয়ন করা হয়।

‎উল্লেখ্য, নবীনগর উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই রাজীব চৌধুরীকে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও শিক্ষাবান্ধব নীতিতে দৃঢ়প্রতিজ্ঞতা দেখাচ্ছেন। তার উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য এবং নারী-শিশুদের কল্যাণে একাধিক কর্মসূচি অব্যাহত রয়েছে ।

উপস্থিত ‎অভিভাবকরা বলেন, “আমিও পারবো কর্মশালার উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নবীনগরবাসীর জন্য একটি শিক্ষাবান্ধব ও প্রগতিশীল আবহ গড়ে তোলার স্বপ্নের মাইলফলক। ইউএনও  শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে এই উদ্যোগে আমাদের সন্তানদের মেধা ও আত্মবিশ্বাসের বিকাশে নতুন দিগন্ত খুলবে-এটাই প্রত্যাশা" করছি।