চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- July 6,2025
- 302 views
মলয়া ডেস্ক
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া | ৬ জুলাই ২০২৫:
চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও বর্ণিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তর, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম কামরুজ্জামান। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইকবাল হুসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ.কে.এম আসাদুজ্জামান কল্লোল, নির্বাহী পরিচালক, হোপ।হুমায়ুন কবির, সভাপতি, হোপ। মোহাম্মদ গোলাম মোস্তফা (মাস্টার), যুগ্ম আহ্বায়ক, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হোসাইন, যিনি আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, নৈতিকতা ও সৃজনশীলতায়ও সমানভাবে পারদর্শী। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই হবে সমাজ ও দেশের গর্ব।”
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় গজল, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান দর্শকদের মুগ্ধ করে তোলে।
আয়োজকরা জানান, এই বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে বিশ্বাসী। এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সঞ্চার করে।
