দুর্নীতি দমন কমিশনের ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মলয়া ডেস্ক 
 সাধারণত দুর্নীতি প্রতিরোধ ও দমনের কঠোর অভিযানেই যাদের দেখা মেলে, সেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক ভিন্ন ও ব্যতিক্রমী উদ্যোগ সম্প্রতি নজর কেড়েছে। ২৮শে এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ১২ ঘটিকায় চার গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে  দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়  অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এক মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে চার গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, সাধারণ সম্পাদক ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও শিক্ষক আমেনা বেগম, সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন মনির, প্রেসক্লাবের সদস্য মোঃ আবু কাওছার, জামাল হোসেন পান্না, হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যানারে শোভা পাচ্ছিল "শিক্ষা সামগ্রী বিতরণ" এর সুস্পষ্ট বার্তা, যা উপস্থিত সকলের মনে এক নতুন আশার সঞ্চার করে।
দুদকের এই ধরনের ব্যতিক্রমী পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। যেখানে সংস্থাটি সাধারণত দুর্নীতির মূলোৎপাটনে ব্যস্ত থাকে, সেখানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তারা নীতি ও আদর্শের বীজ বপন করার এক নীরব বিপ্লব ঘটাচ্ছে বলেই মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও সমাজকর্মীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। নতুন খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ হাতে পেয়ে তারা যেন ভবিষ্যতের সোনালী স্বপ্নে বিভোর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল শিক্ষা উপকরণ বিতরণই নয়, বরং শিক্ষার্থীদের মনে সততা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
একজন অভিভাবক তার অনুভূতি প্রকাশ করে বলেন, "দুদকের এই উদ্যোগ সত্যিই অসাধারণ। একদিকে তারা যেমন সমাজের খারাপ দিকগুলোর বিরুদ্ধে লড়ছেন, তেমনি অন্যদিকে আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে আসছেন। এটা আমাদের জন্য এক নতুন অনুপ্রেরণা।"অনুষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিরোধ কমিটির সদস্য আব্বাস উদ্দিন হেলাল।