নবীনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- April 28,2025
- 320 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য ২৮-০৪-২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, "উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যেকোনো মূল্যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।" তিনি আরও বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তৎপর রয়েছে এবং জনগণের সহযোগিতা এক্ষেত্রে অপরিহার্য।"
সভায় মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা গ্রহণের বিষয়ে সবাইকে অবহিত করেন। কমিটির একজন সদস্য বলেন, "আমরা সকলে মিলেমিশে কাজ করলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারব।" সভায় পুলিশের কার্যক্রমকে আরও জোরদার করার এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে।
