নবীনগরে ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন: ইসলামী আন্দোলন পুনর্জাগরণের আহ্বান

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনের আয়োজন করেছে। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে “আল্লাহর আইন চাই, মানুষের শাসন নয়” স্লোগানকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমীর কাজী নজরুল ইসলাম খাদেম। নবীনগর পৌরসভা জামায়াতের আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের রাজনৈতিক শাখার সেক্রেটারি আমীর হোসেন।
সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের কৌশল নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি মোহাম্মদ আবদুল জব্বার ইসলামের আইন প্রতিষ্ঠার আহ্বান জানান এবং ইসলামী আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি এটিএম আজহারুলের মুক্তির দাবি জানান এবং ইসলাম-ভিত্তিক রাজনীতির গুরুত্ব, তরুণদের আদর্শিকভাবে গড়ে তোলা এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেন। অন্যান্য বক্তারা 'বৈষম্যবিরোধী ছাত্রদের হত্যার বিচার' দাবি করেন।
কর্মীরা দীর্ঘ ১৭ বছর পর সম্মেলন আয়োজনে উদ্যোম প্রকাশ করেন এবং ইসলামী আন্দোলনের প্রচেষ্টা আরও গতিশীল করার আশা ব্যক্ত করেন। নেতারা আগামী দিনে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং স্থানীয় জনগণের জন্য দাওয়াতি ও সামাজিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। উল্লেখ্য, ২০০৮ সালের পর রাজনৈতিক পরিস্থিতি,  প্রশাসনিক বাধা এবং সাংগঠনিক চ্যালেঞ্জের কারণে নবীনগরে জামায়াতের কোনো কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়নি।