নবীনগরে জাল ভোট দেয়ার অপরাধে একজনকে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদন্ড

মলয়া ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় গ্রেপ্তার একজনকে ৬ মাসের সাজা দিয়েছে মোবাইল কোর্ট। সাজাপ্রাপ্ত পারভেজ আহমেদ (২০) মুক্তারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রবাসী পিতার ভোট দিতে বুথে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় সে। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন এর সম্মুখে অপরাধ সংগঠনকালে হাতেনাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্ট তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭২ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। অপরদিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে জাল ভোট প্রদান করতে আসায় চারজনকে আটক করা হয়েছে।