নবীনগরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর (পূর্ব) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী  পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে  বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর পূর্ব ইউয়নের আওয়ামী লীগের সভাপতি শামসুল হক। 

আজ বুধবার সকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন। তিনি বলেন- নবীনগর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে আব্দুল্লাহ আল মামুনকে । সে একজন বিতর্কিত ব্যক্তি। সে মানি লন্ডারিং ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত। তাছাড়া তার পরিবারের সকলেই বিএনপি, জামাতের সাথে সম্পৃক্ত। 
সভাপতির বক্তব্যে সামছুল হক বলেন- মামুন একজন বিতর্কিত ব্যক্তি। তার বাবা বিএনপির উপজেলা কমিটির ১০২ নম্বর সদস্য। সে অতীতে  ছাত্রলীগের পদ ব্যবহার করে নানা অপকর্ম করেছে। তার মত ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিলে দলের অনেক ক্ষতে হবে এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। 
এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগের সদস্য মো. শামীম হোসেন, নবীনগর পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিয়াকত, ৪ নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ, আব্দুল্লাহ আল রোমান, স্বপন সহ আরও অনেকে।