নবীনগরে ফুফার হাতে ভাতিজা খুন
- October 18,2021
- 397 views
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামে ফুফা ফুফু মিলে ভাতিজাকে হত্যার পর মাটির নিচে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ সোমবার ভাতিজার মাথা ও শরীরের হাঁড় উদ্ধার করে। নিহতের নাম মো. মাহিম (১৪)৷ সে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের তাজুল ইসলামের ছেলে৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফুফা মনছুর ও ফুফু সুরিয়া আক্তারকে আটক করেছে নবীনগর থানা পুলিশ৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মার্চ থেকে মাহিম নিখোঁজ রয়েছে৷ ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার শুক্কু মিয়ার পুকুরে মাটি কাটার সময় সোমবার সকালে এক্সেভেটরে ( মাটি কাটার মেশিন) একটি মাথার খুলি ও কাপড়চোপড় দেখা যায় ৷ প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাহিমের মাথা ও শরীরের হাঁড় উদ্ধার করে৷
নিহতের বাবা তাজুল ইসলাম বলেন, সে (বোনের জামাই) ও আমার বোন খারাপ প্রকৃতির লোক হওয়ায়, আমি আমার ছেলেকে তাদের সাথে মিশতে মানা করি৷ এতে করে তাদের সাথে মনমালিন্য হয়৷ এই কারণে সে আমার সন্তানকে হত্যা করে মাটি নিচে পুতেঁ ফেলে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করে।
ওসি(তদন্ত) নুরে আলম বলেন, ঘটনাস্থল থেকে মাথার খুলি ও হাঁড় উদ্ধার করা হয়েছে। নিহত মাহিমের মা ঘটনাস্থল থেকে প্রাপ্ত কাপড় চোপড় দেখে তার সন্তানের বলে জানিয়েছে৷ এবিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে৷ অভিযুক্ত ফুফা ও ফুফুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মনছুর ও সুরিয়া আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেছে৷
