আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন


মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, ব্যাংকের  অর্থ লুটপাট, শিক্ষা প্রতিষ্ঠানে  অনিয়ম, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধ অপকর্মের  অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়৷ 
আজ সোমবার সকালে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সংবাদ সম্মেলন করে স্থানীয় আওয়ামী লীগ৷ সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মাসুম, উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সাদেক স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল্লাহ আল মাসুম৷ 
এতে অভিযোগ করা হয়, বঙ্গবন্ধু প্রনন্ম লীগ নামক  ভুঁইফোঁড় সংগঠনের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার, অবৈধ প্রভাব ও কূটকৌশলের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক হয়ে শতকোটি টাকার মালিক বনে যান জাকির আহাম্মদ। তার নিজ গ্রাম লাউর ফতেহপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিকবার সভাপতির পদ দখল ও প্রতিষ্ঠানের সম্পত্তিসহ হিন্দুদের শ্মশানের জায়গা জবরদখল করেন। তার অন্যায় কাজে সহযোগিতা না করায় শিক্ষক ও মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, জাতীয় শোক দিবসে বিএনপি-জামায়াতের সহযোগিতায় হামলা চালিয়ে দলীয় প্যান্ডেল ও স্টেজ ভাঙচুর এবং ব্যাংকের নিয়োগ বাণিজ্যের ঘুষের টাকা কম দেওয়ায় বৃদ্ধ আলী আহাম্মদের ওপর নির্যাতন করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রীর সঙ্গে ছবি সংযোজন ও প্রদর্শন করে দাপট খাটিয়ে এলাকায় দমন-পীড়ন, বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলাসহ দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। নেতারা বলেন, তার এসব কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যেই লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা অভিযোগটি অতিরিক্ত আইজিপি এসবি শাখায় তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নবীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন, ভুঁইফোঁড় সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকার স্বোচ্চার হয়েছে।