খেলাধুলার বিকাশ ও মেধার মূল্যায়ন: মডার্ন কিন্ডারগার্টেনের উদ্যোগে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী’ অনুষ্ঠিত
- March 22,2026
- 23 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব এবং মেধাকে অনুপ্রাণিত করতে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী’ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আলীয়াবাদের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ‘মডার্ন কিন্ডারগার্টেন’-এর উদ্যোগে আজ ২২/৩ /২০২৬ তারিখে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন) এ.কে.এম কামরুজ্জামান, যতিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতায় আবদ্ধ থাকলে চলবে না, তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। মডার্ন কিন্ডারগার্টেন-এর এই উদ্যোগ তাদের শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনক হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, “মডার্ন কিন্ডারগার্টেন সবসময়ই শিক্ষার্থীদের প্রতিভার মূল্য দেয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আমাদের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সুযোগ।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি গোলাম মোহাম্মদ শিবলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাতেমা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার হটিকালচার সেন্টারের সহকারী পরিচালক কুতুবুদ্দিন সুমন, প্রধান শিক্ষক মাহবুব হোসাইন, মোঃ মোক্তার হোসেন রিপন প্রবীণ মুরুব্বী আব্দুল মোতালিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ অতিথিগন বলেন
“খেলাধুলা এবং পড়াশোনা দুটিই শিক্ষার্থীর বিকাশের জন্য অপরিহার্য। মডার্ন কিন্ডারগার্টেন এই দুটি বিষয়ের মধ্যেই সঠিক ভারসাম্য বজায় রেখে শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিচ্ছে।” মডার্ন কিন্ডারগার্টেন-এর অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “আজকের অনুষ্ঠানটি আমাদের শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে।”
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদেরও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
