নবীনগরে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
- September 21,2026
- 38 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ের ঝোপঝাড়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নবীনগর থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির কীভাবে মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই দিন আগে মিম নামে শিশুটি নিখোঁজ হলে তার নানা ফিরুজ মিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’
