নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা
- October 13,2026
- 75 views
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, এনসিপির সদস্য মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোখলেছুর রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, পূজা উদযাপন কমিটির সদস্যসচিব সঞ্জয় চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, মানিক বিশ্বাস, সীতানাথ সূত্রধর, মিঠু সূত্রধর ও পলাশসহ অন্যরা।
সভায় উপজেলার ১৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত নবীনগর উপজেলা। এখানে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি। উৎসবের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে উদযাপন করি। তবে পূজার ধর্মীয় বিধিবিধান মেনে সবাইকে পূজা উদযাপন করতে হবে।”
